রাজনীতি

জামায়াতের দুই মন্ত্রী তখন কেন পদত্যাগ করেননি: প্রশ্ন তারেক রহমানের

দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে পা রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে সার্কিট হাউস মাঠের জনসমুদ্রে দাঁড়িয়ে তিনি সাবেক রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামীর সাম্প্রতিক সমালোচনার কড়া জবাব দেন।

তারেক রহমান অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল বর্তমানে পতিত স্বৈরাচারের সুরেই বিএনপির সমালোচনা করছে। তিনি বলেন, “আপনারা লক্ষ্য করেছেন, যে স্বৈরাচার পালিয়ে গেছে, ঠিক তাদের ভাষাই এখন এই দলটি বিএনপির বিরুদ্ধে ব্যবহার করছে।”

২০০১-২০০৬ মেয়াদে চারদলীয় জোট সরকারের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, “বিএনপি যদি সত্যিই দুর্নীতিগ্রস্ত হতো, তবে ওই দলের (জামায়াত) দুইজন শীর্ষ নেতা কেন শেষ দিন পর্যন্ত মন্ত্রী হিসেবে বহাল ছিলেন? কেন তারা পদত্যাগ করে বেরিয়ে এলেন না?”

তিনি দাবি করেন, তৎকালীন সরকারের শরিক হিসেবে ওই দুই নেতা ভালো করেই জানতেন যে খালেদা জিয়া দুর্নীতি দমনে কতটা কঠোর ছিলেন। আন্তর্জাতিক পরিসংখ্যানের দোহাই দিয়ে তিনি বলেন, সেই সময়ে দেশ দুর্নীতির করাল গ্রাস থেকে ধাপে ধাপে মুক্তি পাচ্ছিল।

তারেক রহমানের মতে, যারা এখন বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন, সরকারের পুরো মেয়াদ পূর্ণ করার মাধ্যমেই তারা প্রমাণ করেছেন যে তাদের বর্তমান দাবিগুলো ভিত্তিহীন ও স্ববিরোধী।

উল্লেখ্য যে, ২০০১-২০০৬ সালের চারদলীয় জোট সরকারে জামায়াতে ইসলামীর তৎকালীন আমির মতিউর রহমান নিজামী এবং সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তাদের সেই অংশগ্রহণকেই ঢাল হিসেবে ব্যবহার করে বর্তমান সমালোচনার জবাব দিলেন তারেক রহমান।

সংশ্লিষ্ট খবর

Back to top button