৩ মাস পর মুক্তি মিলল কারাবন্দি ২৩ ভারতীয় জেলের

বাগেরহাট কারাগারে তিন মাস আট দিন বন্দি থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন ২৩ জন ভারতীয় জেলে। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তাদের কারাগার থেকে আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া হয়।
২০২৫ সালের ১৮ অক্টোবর বাংলাদেশের জলসীমায় অনধিকার প্রবেশের অভিযোগে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা তাদের আটক করেছিলেন। আটকের পর তাদের বাগেরহাটের মোংলা থানায় হস্তান্তর করা হয় এবং আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।
কারাগার থেকে মুক্তির সময় উপস্থিত ছিলেন, শ্রী চন্দ্রজিন মুখার্জি: খুলনার ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার। বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ আল আসাদ। কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার মো. সেলিম। বাগেরহাটের সহকারী পুলিশ সুপার মো. রাশেদুল ইসলাম রানা।
বাগেরহাট জেল সুপার মোস্তফা কামাল নিশ্চিত করেছেন যে, মুক্তিপ্রাপ্ত জেলেদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোস্টগার্ডের হেফাজতে সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, আগামী ২৯ জানুয়ারি বাংলাদেশ জলসীমানায় পৌঁছানোর পর এই ২৩ জেলেকে আনুষ্ঠানিকভাবে ভারতীয় কোস্টগার্ডের হাতে তুলে দেওয়া হবে।



