ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী নিহত

মহারাষ্ট্রের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্রের আকস্মিক পতনে শোকস্তব্ধ পুরো ভারত। বুধবার (২৮ জানুয়ারি) সকালে পুনে জেলার বারামতীতে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)-র প্রভাবশালী নেতা অজিত পাওয়ার। এই দুর্ঘটনায় বিমানে থাকা অন্য চার আরোহীরও মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ)।
না ফেরার দেশে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। মহারাষ্ট্রের রাজনীতিতে নেমে এল এক বিষাদঘন অধ্যায়। ৬৬ বছর বয়সে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় চিরবিদায় নিলেন রাজ্যের দাপুটে নেতা অজিত পাওয়ার। পুনে জেলার বারামতী বিমানবন্দরে অবতরণের আগমুহূর্তে তাঁর ব্যক্তিগত বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। এবং অজিত পাওয়ারসহ মোট ৫ জন (সবাই নিহত)।
প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী সূত্রের বরাতে জানা গেছে, একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন উপমুখ্যমন্ত্রী। কিন্তু রানওয়েতে নামার ঠিক আগমুহূর্তে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে। ডিজিসিএ-র প্রাথমিক তথ্য অনুযায়ী, লিয়ারজেট ৪৫ বিমানটি অবতরণের সময় যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে বিধ্বস্ত হয়। ধ্বংসস্তূপ থেকে কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
অজিত পাওয়ারের এই অকাল প্রয়াণে মহারাষ্ট্রের রাজনীতিতে এক বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে। ভারতের কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের শীর্ষস্থানীয় নেতারা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। বারামতীর ভূমিপুত্র হিসেবে পরিচিত পাওয়ারের মৃত্যুতে পুরো রাজ্যে শোকের পরিবেশ বিরাজ করছে।
ইতিমধ্যেই পিটিআই-এর প্রকাশিত ছবিতে দুর্ঘটনাস্থলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও উদ্ধারকাজের চিত্র ফুটে উঠেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রশাসনের পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।



