আগামীকাল থেকে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু

আগামীকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। দীর্ঘ প্রায় দেড় দশক পর আবারও পাকিস্তানের করাচিতে অবতরণ করবে বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়োজাহাজ। সরাসরি এই ফ্লাইট চালুর ফলে যেমন সময় বাঁচবে, তেমনি কমে আসবে ভ্রমণের খরচও। ট্রানজিট ঝামেলার অবসান ঘটায় মাত্র ৩ ঘণ্টার মধ্যে গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে।
মধ্যপ্রাচ্য হয়ে ঘুরে যাওয়ার চেয়ে এবার রাউন্ড ট্রিপে ৩০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় হবে। সর্বনিম্ন ৫১ হাজার টাকায় যাতায়াত করতে পারবেন যাত্রীরা।
প্রাথমিকভাবে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার ১৬২ সিটের বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজে এই ফ্লাইট পরিচালিত হবে।
উদ্বোধনী ফ্লাইটের সব টিকিট এরই মধ্যে শেষ! এমনকি দ্বিতীয় ফ্লাইটেরও ৮০ শতাংশের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে।
বিশেষজ্ঞদের মতে, এই রুটটি শুধু যাত্রী পরিবহনে নয়, বরং কার্গো বা পণ্য পরিবহনেও বড় ভূমিকা রাখবে।
এভিয়েশন বিশেষজ্ঞ, কাজী ওয়াহিদুল আলম বলেন, “সরাসরি বিমান চলাচল শুরু হওয়ায় দুই দেশের মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের নতুন দ্বার উন্মোচিত হবে। এতে ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতের ব্যাপক উন্নয়ন সম্ভব।”
২০১২ সালে নিরাপত্তা ইস্যুতে সরাসরি ফ্লাইট বন্ধ হওয়ার পর থেকে যাত্রীদের দুবাই বা দোহার মতো দীর্ঘ পথ ঘুরে করাচি যেতে হতো। এতে খরচ ও সময় উভয়ই বেশি লাগত। এখন সরাসরি রুটটি সচল হওয়ায় পর্যটকদের পাশাপাশি ব্যবসায়ীরাও দ্রুত যাতায়াত করতে পারবেন।



