সাকিবকে আরও আগেই দলে ফেরানো উচিত ছিল: মিশা সওদাগর

ঢালিউডের শক্তিশালী খল-অভিনেতা মিশা সওদাগর, যিনি প্রায় ৮০০ সিনেমায় অভিনয় করে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্বও পালন করছেন। অভিনয়ের পাশাপাশি সময়ের চাহিদাকে গুরুত্ব দিয়ে সম্প্রতি একটি ব্র্যান্ড শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এই তারকা। উত্তরার একটি লাইফস্টাইল ব্র্যান্ডের উদ্বোধনে উপস্থিত হয়ে মিশা সওদাগর গণমাধ্যমের সামনে বিভিন্ন বিষয়ে কথা বলেন।
ব্র্যান্ড প্রমোশন প্রসঙ্গে মিশা জানান, অনেক বড় অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব থাকলেও তিনি সচরাচর সব ব্র্যান্ডের প্রচারে অংশ নেন না। তবে এই প্রতিষ্ঠানের সততা ও বিশ্বাসযোগ্যতার কারণেই তিনি প্রথমবারের মতো কোনো সিগনেচার লাইফস্টাইল ব্র্যান্ডের উদ্বোধনে এসেছেন।
অনুষ্ঠানে বিনোদনের পাশাপাশি দেশের ক্রিকেট নিয়েও কথা বলেন মিশা। সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর ব্যাপারে বিসিবির ইতিবাচক সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, সাকিব আল হাসানকে আরও আগেই দলে ফেরানো প্রয়োজন ছিল।
মিশার মতে, মেধা ও দক্ষতাকে রাজনীতির মাপকাঠিতে বিচার করা ভুল। তিনি বলেন, “সংস্কৃতিকে রাজনীতির সাথে মেলানো ঠিক নয়। রাজনীতির প্রভাব পড়লে শেষ পর্যন্ত সংস্কৃতিই ক্ষতিগ্রস্ত হয়।” এবং যাদের মেধা আছে, তারা অবশ্যই জাতীয় দলে খেলার সুযোগ পাওয়া উচিত।



