রাজনীতি

জাতিকে আর বিভক্ত করতে চাই না: জামায়াত আমির

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর উত্তর কাফরুল এলাকায় নির্বাচনী জনসংযোগকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান একটি ঐক্যবদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, বিভক্তি ও পেছনের বিবাদ ভুলে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশকে সামনে এগিয়ে নিতে হবে। রাজনীতিতে প্রতিহিংসা বর্জন করে তিনি ঢাকা-১৫ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের স্বাগত জানান এবং একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন যে, জনগণের রায়ের ওপরই সবার আস্থা রাখা উচিত।

এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি জলাবদ্ধতা নিরসন, মানসম্মত হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং পার্ক ও খেলার মাঠসহ নাগরিক সুবিধা বৃদ্ধির মাধ্যমে কাফরুলকে একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখান। জনগণের রায় পেলে সবার সহযোগিতায় এই রূপকল্প বাস্তবায়ন করার অঙ্গীকার করেন তিনি। এছাড়া স্থানীয় একটি স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের আন্তরিকতায় তিনি মুগ্ধতা প্রকাশ করেন এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button