কাজের চাপ পুরুষদের সমকামী করে তুলতে পারে: মালয়েশিয়ার ধর্মমন্ত্রী

মালয়েশিয়ার ধর্মমন্ত্রী ড. জুলকিফলি হাসান এক চাঞ্চল্যকর বক্তব্যে জানিয়েছেন যে, কর্মস্থলের মাত্রাতিরিক্ত চাপ এবং সামাজিক নানা প্রতিকূলতা পুরুষদের সমকামী বা এলজিবিটি (LGBT) সম্প্রদায়ের দিকে ধাবিত করার অন্যতম কারণ হতে পারে। গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) মালয়েশীয় সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেস মালয়েশিয়া ও এনএসটি অনলাইন-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
পার্লামেন্টে জাইলাহ মোহামদ ইউসুফের এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী এই মন্তব্য করেন। ড. জুলকিফলি ২০১৭ সালের একটি গবেষণার বরাত দিয়ে বলেন, কর্মক্ষেত্রে অত্যধিক কাজের চাপ অনেক সময় ব্যক্তিদের এলজিবিটি আচরণের দিকে পরিচালিত করতে পারে। শুধু কাজের চাপ নয়, সামাজিক প্রভাব, পূর্ববর্তী যৌন অভিজ্ঞতা এবং ব্যক্তিগত নানা কারণও এক্ষেত্রে বড় ভূমিকা পালন করে।
গবেষণায় দেখা গেছে, উল্লিখিত উপাদানগুলোর সংমিশ্রণই মূলত সংশ্লিষ্ট ব্যক্তিদের আচরণগত পরিবর্তনে প্রভাব ফেলে।
মালয়েশিয়ার এলজিবিটি সম্প্রদায়ের বর্তমান প্রবণতা এবং নৃতাত্ত্বিক তথ্য সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান যে, সরকার আনুষ্ঠানিকভাবে এই জনগোষ্ঠীর কোনো নির্দিষ্ট পরিসংখ্যান বা তালিকা সংরক্ষণ করে না। তবে তিনি উল্লেখ করেন, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটিতে এলজিবিটি সম্পর্কিত মোট ১৩৫টি মামলা নথিভুক্ত হয়েছে।



