রাজনীতি

আমাগোরে টেহা দিসে: বলেই জামায়াত নেতার পেছনে ছুটছেন ভোটাররা

টাঙ্গাইলের ভূঞাপুরে ভোট চাওয়াকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ এবং হট্টগোলের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গত বুধবার (২৮ জানুয়ারি) টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হুমায়ুন কবিরের পক্ষে নেতা-কর্মীরা অর্জুনা ইউনিয়নের জগৎপুরা এলাকায় ভোট চাইতে যান। এসময় সেখানে জামায়াত নেতা কাজী নূরুল ইসলামসহ অন্যান্যের উপস্থিতিতে হট্টগোলের সৃষ্টি হয়।

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি কানে ফোন দিয়ে হাঁটছেন এবং একদল লোক তার পেছনে ছুটছেন। ওই লোকেদের হাতে ১০০০ ও ৫০০ টাকার নোট দেখা যায় এবং তারা চিৎকার করে বলছিলেন, ‘টেহা দিসে আমাগোরে’।

স্থানীয়দের দাবি জামায়াত নেতা-কর্মীরা টাকার বিনিময়ে ভোট কিনতে চেয়েছেন।

ঘটনার পর বিকেলে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করে জামায়াত। সেখানে প্রার্থী মাওলানা হুমায়ুন কবির দাবি করেন, টাকা বিতরণের বিষয়টি সম্পূর্ণ সাজানো। বিএনপির নেতা-কর্মীরা নিজেদের পকেট থেকে টাকা বের করে এই নাটক তৈরি করেছেন।

তাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে, মাফলার ধরে টানাটানি করা হয়েছে এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে।

এই অপপ্রচারের বিরুদ্ধে এবং হামলায় জড়িতদের শাস্তির দাবিতে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান জানিয়েছেন, ঘটনার বিষয়ে তারা অবগত। তবে লিখিত অভিযোগ এখনও হাতে পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button