রাজনীতি

জামায়াতের শীর্ষ নেতৃত্বে নারীদের সুযোগ নেই

নারী নেতৃত্ব প্রসঙ্গে জামায়াতে ইসলামীর অবস্থান আবারও স্পষ্ট করে তুলে ধরেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তাঁর ভাষ্য অনুযায়ী, জামায়াতের সর্বোচ্চ নেতৃত্বে কোনো নারী আসার সুযোগ নেই, এটি তাদের আদর্শিক অবস্থানের সঙ্গেই সাংঘর্ষিক।

সম্প্রতি কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারটি নেন আল জাজিরার সাংবাদিক শ্রীনিবাসন জৈন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতের নারী প্রার্থী নিয়ে প্রশ্ন করেন সাংবাদিক। উত্তরে ডা. শফিকুর রহমান জানান, এবার জামায়াতের পক্ষ থেকে একজন নারী প্রার্থীও দেওয়া হয়নি। তিনি মনে করেন, শুধু জামায়াত নয়, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতেই নারী প্রার্থী সংখ্যা খুব বেশি নয়। তবে ভবিষ্যতের জন্য দলটি প্রস্তুতি নিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে পাল্টা প্রশ্নে সাংবাদিক জানতে চান, অন্য দলগুলো অন্তত কিছু নারী প্রার্থী দিয়েছে, সেখানে জামায়াত একজনকেও না দেওয়ার কারণ কী। জবাবে জামায়াত আমির আগের বক্তব্যের পুনরাবৃত্তি করে বলেন, বিষয়টি সময়সাপেক্ষ এবং হঠাৎ করে পরিবর্তন সম্ভব নয়। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, এতে নারীদের প্রতি অসম্মানের কোনো বিষয় নেই।

সাক্ষাৎকারের এক পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দু চলে আসে আরও স্পর্শকাতর প্রশ্নে, নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন কি না। এ প্রশ্নে ডা. শফিকুর রহমান স্পষ্টভাবে জানান, এটি সম্ভব নয়। তাঁর যুক্তি, সৃষ্টিকর্তা নারী ও পুরুষকে ভিন্ন ভিন্ন দায়িত্ব ও সক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন, যা মানুষের পক্ষে বদলানো সম্ভব নয়।

এ সময় তিনি বলেন, মাতৃত্ব ও সন্তান প্রতিপালনের মতো দায়িত্ব নারীদের জন্য বিশেষভাবে নির্ধারিত, যা পুরুষদের পক্ষে পালন করা সম্ভব নয়। এটিকে তিনি সৃষ্টিগত বাস্তবতা হিসেবেই দেখেন।

সাংবাদিক তখন পাল্টা যুক্তি দেন, গত তিন দশক ধরে বাংলাদেশে নারী প্রধানমন্ত্রী ছিলেন, তারা তো রাষ্ট্র পরিচালনা করেছেন। জবাবে জামায়াত আমির বলেন, এতে কোনো অসম্মানের প্রশ্ন নেই এবং জামায়াতের এ বিষয়ে আপত্তিও নেই।

তবে সাংবাদিক আবার প্রশ্ন তোলেন, যদি নারী পরিবার চালাতে পারেন, সন্তান লালন-পালন করতে পারেন, তাহলে রাজনৈতিক দলের প্রধান হওয়ার অযোগ্যতা কেন? উত্তরে ডা. শফিকুর রহমান বলেন, কিছু দায়িত্ব আছে যেখানে নারীরা কার্যকরভাবে ভূমিকা রাখতে পারবেন না। তাঁর মতে, শারীরিক ও প্রাকৃতিক সীমাবদ্ধতা এ ক্ষেত্রে বড় বাস্তবতা।

আলোচনার শেষ দিকে সাংবাদিক জানান, তিনি এসব সীমাবদ্ধতা স্পষ্টভাবে বুঝতে পারছেন না। তখন জামায়াত আমির আবারও মাতৃত্বের উদাহরণ টেনে বলেন, সন্তান জন্মের পর একজন মা যে দায়িত্ব পালন করেন, তা কোনো পুরুষের পক্ষে সম্ভব নয়। তাঁর ভাষায়, সৃষ্টিকর্তাই এসব বিষয় সবচেয়ে ভালো জানেন।

শেষ প্রশ্নে সাংবাদিক আবারও স্মরণ করিয়ে দেন, তিন দশকের বেশি সময় ধরে বাংলাদেশ নারী প্রধানমন্ত্রী দ্বারা পরিচালিত হয়েছে। জবাবে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত এতে কাউকে ছোট করছে না। তবে তাঁর দাবি, বিশ্বের অধিকাংশ উন্নত দেশ নারীদের এই ধরনের শীর্ষ দায়িত্বে উপযুক্ত মনে করে না এবং শারীরিক বাস্তবতার কারণেই বিষয়টি সীমাবদ্ধ।

সংশ্লিষ্ট খবর

Back to top button