রাজনীতি

অন্যের গীবত করে গুনাহ করার দরকার তো নাই: মির্জা আব্বাস

ঢাকা-০৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস অভিযোগ করেছেন, একটি গোষ্ঠী নির্বাচনকে ঘিরে গীবত ও অপপ্রচারের রাজনীতি করছে। তাঁর ভাষ্য অনুযায়ী, কিছু মানুষ আল্লাহর নাম নেওয়ার চেয়েও বেশি সময় ব্যয় করছে বিরোধীদের নাম উচ্চারণে, আর সারাদিন মিথ্যা কথার চর্চায় লিপ্ত রয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

বক্তব্যের এক পর্যায়ে মির্জা আব্বাস নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, একটি গ্রুপ পরিকল্পিতভাবে নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করছে। যে ভোটের ফলাফল একসময় সন্ধ্যার মধ্যেই জানা যেত, সেই ফল পেতে এখন কেন দুই থেকে তিন দিন সময় লাগবে,এই প্রশ্নও তোলেন তিনি।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এদিন শাহবাগ এলাকায় উঠান বৈঠক করেন বিএনপির এই প্রার্থী। পরে কাটাবন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগে অংশ নেন তিনি।
ভোটারদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে যেতে হবে এবং নিজের পছন্দ অনুযায়ী ভোট দিতে হবে। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই নাগরিক দায়িত্ব পালন সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

বক্তব্যের শেষ দিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশে পরামর্শ দেন মির্জা আব্বাস। তাঁর মতে, নির্বাচন মানে দেশের জন্য কী করা হয়েছে এবং ভবিষ্যতে কী করা হবে, সেটা জনগণের সামনে তুলে ধরা। অন্যের গীবত করে সময় নষ্ট করা বা গুনাহের পথে যাওয়ার কোনো প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button