তারেক রহমানের সফরকে কেন্দ্র করে ‘লাল কার্ড’ দেখালেন রাবি শিক্ষার্থীরা

শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ড, নারী নির্যাতন এবং দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টির অভিযোগে বিএনপিকে ‘লাল কার্ড’ দেখিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একদল শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে ঢাকা-রাজশাহী মহাসড়কের প্রধান ফটকের সামনে এই ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহী আগমন এবং দলটির নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা এই অবস্থান নেন। তাদের ভাষ্যমতে, রাজনীতিতে বিএনপি বারবার ‘ফাউল’ করছে, যা সুস্থ ধারার রাজনীতির অন্তরায়।
শেরপুরে রাজনৈতিক হত্যাকাণ্ড ও দেশব্যাপী বিশৃঙ্খলা। এবং বিভিন্ন স্থানে নারীদের ওপর হামলার অভিযোগ। জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে দলের অভ্যন্তরীণ কোন্দল ও চাঁদাবাজির উত্থান।
কর্মসূচির নেতৃত্বে থাকা রাবি সিনেট সদস্য ফাহিম রেজা সরাসরি আক্রমণ করে বলেন, “বিএনপি একের পর এক নীতিবহির্ভূত কাজ করে যাচ্ছে। তারা বিরোধী পক্ষ ও নারীদের টার্গেট করছে, এমনকি নির্বাচনী সহিংসতার সূচনাও করেছে। এই নোংরা রাজনীতির প্রতিবাদেই আজ আমরা তারেক রহমান ও তার দলকে লাল কার্ড দেখালাম।”
অন্যদিকে, রাকসুর তথ্য ও গবেষণা সম্পাদক সাকিব হতাশা প্রকাশ করে জানান যে, ছাত্র-জনতার বিপ্লবের পর যে সুস্থ রাজনীতির স্বপ্ন শিক্ষার্থীরা দেখেছিল, বিএনপির পুরনো সহিংস চর্চা তা ধূলিসাৎ করে দিচ্ছে। তাদের মতে, দলটির শীর্ষ নেতা বিদেশ থেকে নতুন পরিকল্পনার কথা বললেও বাস্তবে দেশে সেই পুরনো কায়দাতেই রাজনীতি চলছে।



