১২ তারিখ সতর্ক থাকলে ১৩ তারিখ হবে জনগণের দিন: তারেক রহমান

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত এক বিশাল জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন। দীর্ঘ ২২ বছর পর রাজশাহী আগমনের স্মৃতি চারণ করে তিনি বলেন, ৫ই আগস্টের পরিবর্তনের পর এখন দেশ গড়ার এবং গণতন্ত্র রক্ষার সময় এসেছে। তিনি অভিযোগ করেন যে, একটি বিশেষ মহল ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এ বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী ১২ তারিখের নির্বাচন সফল হলে ১৩ তারিখ থেকেই জনগণের প্রকৃত জয়যাত্রা ও প্রত্যাশা পূরণের কাজ শুরু হবে।
জনসভায় তারেক রহমান তার দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি প্রতিশ্রুতি দেন যে, বিএনপি সরকার গঠন করলে উত্তরবঙ্গের পানির সমস্যা সমাধানে পদ্মা ব্যারেজ নির্মাণ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রবর্তিত বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পকে পুনরায় কার্যকর করা হবে। বেকারত্ব দূরীকরণে রাজশাহী আইটি পার্ক সচল করা, ভোকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার আশ্বাস দেন তিনি। এছাড়া কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড প্রবর্তনের পরিকল্পনার কথা জানান। স্বাস্থ্যখাতের উন্নয়নে তিনি রাজশাহীতে একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার কথা বলেন, যাতে দেশের মানুষ উন্নত চিকিৎসার জন্য বিদেশে না গিয়ে দেশেই সেবা পায়।
বক্তব্যের একপর্যায়ে তিনি অন্তর্বর্তী সরকারকে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্ত করার আহ্বান জানান। তিনি স্পষ্ট করেন যে, যদি কোনো বিশৃঙ্খলায় বিএনপির কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়, তবে দল তাতে সহায়তা করবে এবং আইনের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। বিগত ১৬ বছরের শাসনের সমালোচনা করে তিনি বলেন, সে সময় ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল এবং মেগা প্রকল্পের আড়ালে মেগা দুর্নীতি করা হয়েছিল।
সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর জোর দিয়ে তারেক রহমান বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের বড় পরিচয় আমরা বাংলাদেশি এবং গণতন্ত্রে বিশ্বাসী। তিনি দলীয় নেতাকর্মীদের ১২ তারিখ পর্যন্ত প্রার্থীদের পাহারা দেওয়ার নির্দেশ দেন এবং কথা দেন যে, ১৩ তারিখ থেকে নির্বাচিত প্রতিনিধিরা জনগণের সেবায় নিয়োজিত থাকবেন। জনসভা শেষে তিনি রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ধানের শীষের প্রার্থীদের উপস্থিত জনগণের সামনে পরিচয় করিয়ে দেন।
জনসভায় দলের চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান উপস্থিত ছিলেন।



