রাজনীতি

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণায় নামলেন কাদের সিদ্দিকী

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের নির্বাচনী মাঠে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরের (হরিণ প্রতীক) পক্ষে সরাসরি প্রচারে নেমেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। আজ বৃহস্পতিবার বিকেলে সখীপুর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে তিনি এই প্রচারণা শুরু করেন।

কাদের সিদ্দিকীর দল এবারের নির্বাচনে অংশ না নিলেও তিনি আগে থেকেই স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। আজ সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাগেরবাড়ী বাজার থেকে তিনি প্রচারণা শুরু করেন। এরপর হামিদপুর গণ উচ্চবিদ্যালয় মাঠ এবং ইন্দারজানী বাজারে আয়োজিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন।

তিনি দাবি করেন, সালাউদ্দিন আলমগীর নির্বাচিত হলে এই আসনের মানুষ শান্তিতে ও নিরাপদে থাকবে।

কাদের সিদ্দিকী জানান, তিনি ঢালাওভাবে বিএনপির বিরোধী নন, তবে তিনি এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আযম খানের বিরোধী।

অতীতে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে দুর্ব্যবহার এবং গত রমজানে নিজ দলের ইফতার মাহফিলে বাধা দেওয়ার অভিযোগ এনে তিনি বর্তমান প্রেক্ষাপটে ‘হরিণ’ প্রতীকে ভোট চান।

উল্লেখ্য যে, গত ২২ জানুয়ারি কাদের সিদ্দিকীর বাসভবনে একটি সমন্বয় সভা চলাকালীন কাছেই ছাত্রদলের একটি দোয়া মাহফিলকে কেন্দ্র করে হট্টগোল সৃষ্টি হয়েছিল। সেখানে বক্তব্য দেওয়ার সময় বিএনপির প্রার্থীকে নিয়ে মন্তব্য করায় উত্তেজনার সৃষ্টি হয় এবং কাদের সিদ্দিকী স্থান ত্যাগ করেন। সেই ঘটনার পর আজই প্রথম তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নামলেন।

দলীয় সূত্র অনুযায়ী, আজ সন্ধ্যার পর বড়চওনা ইউনিয়নের রাজনীতির মোড়, বড়চওনা বাজার এবং কুতুবপুর কলার হাটে তাঁর আরও কয়েকটি উঠান বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। তাঁর সঙ্গে প্রচারণায় স্থানীয় কৃষক শ্রমিক জনতা লীগের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button