স্বামী ঠাট্টা করে ‘বানর’ বলায় আত্মহত্যা স্ত্রীর!

স্বামীর সামান্য একটি বিদ্রূপ যে এমন মর্মান্তিক পরিণতি ডেকে আনবে, তা কল্পনাও করতে পারেননি স্বজনরা। ভারতের উত্তরপ্রদেশের লখনউয়ের ইন্দিরানগরে স্বামীর করা মন্তব্যে অভিমান করে তন্নু সিং নামে এক গৃহবধূ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। চার বছর আগে ভালোবেসে ঘর বাঁধা এই দম্পতির সাজানো সংসার মুহূর্তেই বিষাদে ছেয়ে গেছে।
ঘটনার সূত্রপাত গত বুধবার সন্ধ্যায়। সীতাপুরে এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরে তন্নু, তাঁর স্বামী রাহুল শ্রীবাস্তব এবং পরিবারের অন্য সদস্যরা মিলে আড্ডা দিচ্ছিলেন। হাসি-ঠাট্টার এক পর্যায়ে রাহুল মজা করে স্ত্রীকে ‘বানর’ বলে ডাকেন। সবার কাছে বিষয়টি নিছক রসিকতা মনে হলেও তন্নু তা সহজভাবে নিতে পারেননি। স্বামীর সেই মন্তব্য তাঁকে গভীরভাবে আঘাত করে এবং তিনি ক্ষুব্ধ হয়ে অন্য একটি ঘরে চলে যান।
পেশায় অটোচালক রাহুল স্ত্রীকে ঘরে রেখে রাতের খাবার আনতে বাইরে গিয়েছিলেন। ফিরে এসে শ্যালিকাকে বলেন তন্নুকে ডাকতে। কিন্তু অনেক ডাকাডাকিতেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয় পরিবারের সদস্যদের। জানলা দিয়ে উঁকি দিতেই তাঁরা দেখেন, ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছেন তন্নু। দ্রুত দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গেছে, তন্নুর মডেলিংয়ের প্রতি প্রবল আগ্রহ ছিল। প্রেমের বিয়ে হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কও ভালো ছিল। পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে অভিযোগ দায়ের না হওয়ায় একে একটি দুঃখজনক পারিবারিক দুর্ঘটনা হিসেবেই দেখা হচ্ছে।



