রাজনীতি

ইনসাফের রাজত্ব কায়েমে দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা-৮ আসনে ‘ইনসাফের রাজত্ব’ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে উপস্থিত হয়ে তিনি নিজের নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’র পক্ষে দোয়া চান।

দোয়া অনুষ্ঠান শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী মসজিদ সংলগ্ন এলাকায় সমাহিত ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন বিজয়নগরে গুলিতে নিহত হয়েছিলেন এই তরুণ নেতা। হাদির স্মৃতি চারণ করে নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর হত্যাকাণ্ডের বিচার দাবি করেন এবং জানান, হাদির রেখে যাওয়া আদর্শ বাস্তবায়ন করতেই তিনি ঢাকা-৮ আসনে কাজ করে যাচ্ছেন।

নির্বাচনী লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, তাঁদের মূল লক্ষ্য হলো একটি বৈষম্যহীন, মানবিক ও ন্যায়বিচার ভিত্তিক সমাজ গড়ে তোলা। তিনি এমন একটি ঢাকা-৮ আসনের স্বপ্ন দেখেন যেখানে সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা নারী নির্যাতনের কোনো স্থান থাকবে না। শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে তিনি সাধারণ মানুষকে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ সূচক রায় দেওয়ারও আহ্বান জানান।

এর আগে সকালে শাহবাগ, কাঁটাবন ও হাতিরপুল এলাকায় গণসংযোগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রচারণাকালে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তাঁদের লড়াই কেবল সংসদে যাওয়ার জন্য নয়, বরং জনপদ থেকে সন্ত্রাসীদের নির্মূল করে সাধারণ মানুষের শান্তি নিশ্চিত করাই তাঁদের মূল উদ্দেশ্য।

সংশ্লিষ্ট খবর

Back to top button