রাজনীতি

বগুড়ার মাটি বিএনপির শক্ত ঘাঁটি: পথসভায় তারেক রহমান

বগুড়াকে বিএনপির ঐতিহাসিক ভিত্তি হিসেবে উল্লেখ করে দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন ১২ তারিখের নির্বাচনে স্থানীয় জনগণ আবারও প্রমাণ করবে যে এই মাটি কেবল বিএনপির ঘাঁটি নয়, বরং এটি একটি ‘শক্ত ঘাঁটি’। শুক্রবার বিকেলে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী মীর শাহে আলমের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পথসভায় আবেগঘন কণ্ঠে তারেক রহমান নিজেকে ‘বগুড়ার সন্তান’ হিসেবে পরিচয় দেন। তিনি বলেন, বিগত সময়ে বিএনপি ক্ষমতায় থাকাকালীন সাধ্যমতো এলাকার উন্নয়ন করেছে। বগুড়াসহ দেশের অসমাপ্ত কাজগুলো শেষ করতে তিনি জনগণের সমর্থন ও দোয়া চান। আল্লাহ সুযোগ দিলে দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করার প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জুমার নামাজ আদায় করেন। উল্লেখ্য, ২০০৪ সালে তিনি নিজেই এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। দীর্ঘ ২২ বছর পর সেখানে নামাজ শেষে তিনি জানান, মসজিদের উন্নয়ন পরিকল্পনা এখনো অসম্পূর্ণ এবং সুযোগ পেলে একে দৃষ্টিনন্দন ও গর্ব করার মতো একটি স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে।

চার তারকা হোটেল নাজ গার্ডেনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মধ্যে হুইলচেয়ার বিতরণ এবং মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

রংপুর যাত্রাপথে তিনি ঐতিহাসিক মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

বগুড়ার কর্মসূচি শেষে তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা হন। সেখানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং রংপুর ঈদগাহ ময়দানে একটি জনসভায় তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button