শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ আবু সাঈদের পৈতৃক ভিটায় গিয়ে তাঁর কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে পৌঁছে তিনি আবু সাঈদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন। এ সময় তাঁর পাশে উপস্থিত ছিলেন আবু সাঈদের বাবা মকবুল হোসেনসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা।
কবর জিয়ারত শেষে তারেক রহমান শহীদ আবু সাঈদের বাড়িতে গিয়ে তাঁর স্বজনদের সাথে একান্ত সময় কাটান। পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আবু সাঈদের মতো তরুণদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
সাক্ষাৎকালে আবু সাঈদের দুই ভাই, রমজান আলী ও আবু হোসেন, রংপুর অঞ্চলের উন্নয়নের নানা সীমাবদ্ধতা ও বঞ্চনার কথা তারেক রহমানের কাছে তুলে ধরেন। তাঁরা বিশেষ করে ওই অঞ্চলে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, কর্মসংস্থান বৃদ্ধি ও শিল্পায়নের দাবি জানান। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও গণআকাঙ্ক্ষা পূরণে বিএনপির পক্ষ থেকে জোরালো ভূমিকা রাখার অনুরোধ করেন।
এর আগে দুপুরে বগুড়া থেকে সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। যাত্রাপথে তিনি মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.)-এর মাজার জিয়ারত করেন এবং মোকামতলায় একটি নির্বাচনী পথসভায় বক্তব্য দেন। পীরগঞ্জের কর্মসূচি শেষে তিনি রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।



