আন্তর্জাতিক

১ হাজার ইউক্রেনীয় সেনার মৃতদেহ ফেরত দিল রাশিয়া

রণাঙ্গনের বিভীষিকার মাঝেও মানবিকতার এক টুকরো ছবি ফুটে উঠেছে আবুধাবির মধ্যস্থতায়। দীর্ঘ আলোচনার পর ইউক্রেন ও রাশিয়া তাদের নিহত সেনাদের মরদেহ নিজ নিজ দেশে ফিরিয়ে দিতে একমত হয়েছে। এই সমঝোতার ওপর ভিত্তি করে গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) চলতি বছরের প্রথম বড় ধরনের মরদেহ বিনিময় সম্পন্ন হয়।

বিবিসির বরাতে জানা যায়, এ দিন রাশিয়া ১ হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর করেছে। বিনিময়ে ইউক্রেন থেকে নিজ দেশের ৩৮ জন সেনার মৃতদেহ বুঝে নিয়েছে মস্কো। বিষয়টি নিশ্চিত করেছেন রাশিয়ার ক্ষমতাসীন দলের সদস্য শামসাইল সারালিয়েভ।

এদিকে ইউক্রেনের যুদ্ধবন্দি বিনিময় সংক্রান্ত সদর দপ্তর টেলিগ্রামে জানিয়েছে, উদ্ধারকৃত সেনাদের পরিচয় শনাক্ত করতে ফরেনসিক বিশেষজ্ঞরা কাজ শুরু করেছেন। আইনি প্রক্রিয়া শেষ করে বীরদের শেষ বিদায় জানানোর জন্য তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে দুই দেশের মধ্যে রাজনৈতিক বা সামরিক সমঝোতা প্রায় অসম্ভব হয়ে পড়লেও, নিহত সেনাদের ফিরিয়ে দেওয়া এবং বন্দি বিনিময়ের ক্ষেত্রে উভয় পক্ষ একে অপরকে সহযোগিতা করে আসছে। উল্লেখ্য যে, বিগত ২০২৫ সালে মোট ১৪ বার এই ধরনের বিনিময় হয়েছিল, যার মাধ্যমে হাজার হাজার পরিবার তাদের প্রিয়জনের শেষ স্মৃতিটুকু ফিরে পেয়েছিল।

সংশ্লিষ্ট খবর

Back to top button