জাল ভোট দিতে বানানো হচ্ছে ৪০ লাখ বোরখা, মির্জা আব্বাসের অভিযোগ

৪০ লাখ বোরকা তৈরি করে জাল ভোটের প্রস্তুতি নেওয়া হয়েছে, এমন গুরুতর অভিযোগ তুলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের আশঙ্কার কথা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা–৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস। তার ভাষ্য অনুযায়ী, বোরকা পরে ভোটকেন্দ্রে ঢুকে বিশৃঙ্খলা ও ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হতে পারে, যা কোনোভাবেই সহ্য করা হবে না।
শনিবার (৩১ জানুয়ারি) নিজের নির্বাচনী এলাকায় আয়োজিত এক কর্মসূচিতে এসব মন্তব্য করেন তিনি। মির্জা আব্বাস জানান, গণতন্ত্র ও দেশের ভবিষ্যৎ রক্ষায় এমন অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, দেশকে এই ষড়যন্ত্র থেকে বাঁচাতে হলে ভোটারদের সচেতন হয়ে সঠিক জায়গায় ভোট দিতে হবে। জনগণের শক্তিই এসব অপতৎপরতা রুখে দিতে পারে বলে তিনি মনে করেন।
নির্বাচন কমিশন ও সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা একটি চক্র নির্বাচনকে বানচাল ও বিতর্কিত করার চেষ্টা করছে—এমন অভিযোগও তোলেন বিএনপির এই নেতা। তার দাবি, সেই লক্ষ্যেই ভোটের ফলাফল ঘোষণা ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা ১২ ঘণ্টার বেশি দেরি হলে সেটিকে তিনি দুরভিসন্ধিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন।



