ভোটকেন্দ্র দখল করলে একজনকেও বাড়ি ফিরতে দেওয়া হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ভোটকেন্দ্র দখলের যেকোনো চেষ্টা শক্ত হাতে প্রতিহত করা হবে, এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা–৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তার ভাষ্য অনুযায়ী, যারা ভোটকেন্দ্র দখল করতে আসবে, তারা কেউই নিরাপদে বাড়ি ফিরতে পারবে না।
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও এলাকায় নির্বাচনী প্রচারণার সময় এসব কথা বলেন তিনি। বক্তব্যে নির্বাচনকে ঘিরে সম্ভাব্য সহিংসতা, চাঁদাবাজি ও অপরাধমূলক তৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, চাঁদাবাজ, মাদককারবারি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। যেখানেই তাদের পাওয়া যাবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। তার দাবি, একটি গোষ্ঠীর কথাবার্তা ও প্রস্তুতি থেকেই বোঝা যাচ্ছে, ভোটকেন্দ্র দখলের পরিকল্পনা চলছে। তবে জনগণকে সঙ্গে নিয়েই এসব অপচেষ্টা রুখে দেওয়া হবে।
ঢাকা–৮ আসনে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “একজন সকালে ঘুম থেকে উঠেই চাঁদাবাজি শুরু করেন, আবার পরের দিনের চাঁদাবাজির পরিকল্পনা করে ঘুমাতে যান। মানুষ আর চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চান না, তাই এবার নির্বাচনে ১১ দলীয় জোটের বিজয় হবে।”
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, বিভিন্ন জায়গা থেকে তারা তথ্য পাচ্ছেন যে সহিংসতার প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন সরঞ্জাম সংগ্রহ করা হচ্ছে। এসব তথ্যকে গুরুত্ব দিয়ে তারাও প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি। তবে একই সঙ্গে স্পষ্ট করে বলেন, তারা আইন নিজের হাতে তুলে নেবেন না। জনগণকে সঙ্গে নিয়েই শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় প্রতিরোধ গড়ে তোলা হবে।



