রাজনীতি

স্বৈরাচারের তলে তলে থাকা ‘গুপ্ত’ চক্র থেকে সজাগ থাকুন: তারেক রহমান

দীর্ঘদিন স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করা একটি চক্র ভিন্ন বেশে এখন জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এমন হুঁশিয়ারি দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তাদের রুখে দিতে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্কে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “অনেকেই আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা বিভ্রান্তিমূলক কথা ছড়াবে, তাদের একটাই পরিচয়, তারা ‘গুপ্ত’। কারণ, গত ১৬ বছরে আমরা তাদের রাজপথে দেখিনি। তারা তলে তলে তাদের সঙ্গে মিশে ছিল, যারা ৫ আগস্ট পালিয়ে গেছে। এই চক্রটি যেন আমাদের ভাই-বোনদের আত্মত্যাগের অধিকার স্তব্ধ করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।”

বক্তব্যের শুরুতেই তিনি ভোট ডাকাতির প্রতিবাদ করতে গিয়ে দৃষ্টিশক্তি হারানো মেরি এবং গত দেড় দশকে গুম-খুনের শিকার পরিবারগুলোর ত্যাগের কথা স্মরণ করেন। তারেক রহমান বলেন, “স্বৈরাচারের পতন হয়েছে, এখন সময় দেশ গড়ার। ১৯৭১ সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি, ২০২৪ সালে সেই স্বাধীনতাকে রক্ষা করেছি। এবার সেই স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হবে।”

জনসভায় তিনি দেশের মানুষের ভাগ্যোন্নয়নে বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। তার ভাষ্য, বিএনপি ক্ষমতায় গেলে গৃহিণীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ এবং ইমাম-মুয়াজ্জিনসহ সব ধর্মের ধর্মগুরুদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হবে। পাশাপাশি সিরাজগঞ্জ ও পাবনা অঞ্চলকে কেন্দ্র করে উত্তরবঙ্গজুড়ে কৃষিভিত্তিক শিল্প পার্ক গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, “দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই আছে। আমরা শান্তিতে বিশ্বাস করি এবং সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই। আসুন শপথ নিই, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।”

বিকেল থেকেই সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন এলাকা থেকে আসা বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে জনসভাটি পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে।

সংশ্লিষ্ট খবর

Back to top button