হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী তহবিলে ১৪ লাখ টাকা দিলেন স্কুলজীবনের বন্ধুরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর পাশে দাঁড়ালেন তার স্কুলের পুরনো বন্ধুরা। তাদের ভালোবাসা এবার পরিণত হলো ১৪ লাখ টাকার চেকে, সরাসরি তার নির্বাচনী তহবিলে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে দেবীদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে ২০১৪ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানে বন্ধুদের পক্ষ থেকে এই চেক তুলে দেওয়া হয়। হাসনাত আব্দুল্লাহ বলেন, “দীর্ঘদিন পর স্কুল প্রাঙ্গণে ফিরে এসে সব স্মৃতি যেন নতুন করে জীবন্ত হয়ে উঠল। এই স্কুল আমাদের উত্থানের প্রথম ঠিকানা।”
তিনি আরও যোগ করেন, “স্কুলজীবন শেষ হওয়ার পরও সহপাঠীদের সঙ্গে বন্ধুত্ব অটুট রয়েছে। অনেক বন্ধু আজ দেশের বাইরে, বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছেন। কিন্তু এই পুনর্মিলনীর মাধ্যমে সবাই আবার একত্রিত হয়ে স্মৃতির গল্পগুলো ভাগাভাগি করল।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সাবেক শিক্ষক মো. আব্দুস সবুর, জামাল মোহাম্মদ কবির, জসিম উদ্দিন এবং প্রাক্তন শিক্ষার্থীরা, সরকার সাকিব, আহম্মেদ শুভ, মুহতাদির যারিফ সিক্তসহ ২০১৪ ব্যাচের আরও অনেকে।



