সরকারি উৎস থেকেই হ্যাকড শফিকুরের এক্স হ্যান্ডেল: জামায়াতের দাবি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করার পেছনে ‘সরকারি যোগসূত্র’ রয়েছে বলে দাবি করেছে দলটি। রোববার (১ ফেব্রুয়ারি) এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, আমিরের অ্যাকাউন্টে অনুপ্রবেশের চেষ্টা মূলত সরকারি বিভিন্ন দপ্তরের ইমেইল ব্যবহার করে চালানো হয়েছে।
জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মাহমুদুর রহমান জানান, সাইবার হামলার পেছনে ব্যবহৃত অধিকাংশ মেইল অ্যাড্রেস সরকারি অফিসের। বিশেষ করে, বঙ্গভবনের একজন সহকারী প্রোগ্রামারের ইমেইল আইডি (assistantprogrammer@bangabhaban.gov.bd) ব্যবহার করে জামায়াতের অফিসিয়াল মেইলে বার্তা পাঠানোর প্রমাণ তারা ডিজিটাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখিয়েছেন।
শুধু দলীয় আমির নন, জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ ও দেলোয়ার হোসেনের অ্যাকাউন্টও গত এক মাসে একাধিকবার সাইবার হামলার শিকার হয়েছে বলে জানানো হয়।
সম্প্রতি আমিরের এক্স হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে একটি বিতর্কিত পোস্ট ছড়িয়ে পড়ে। জামায়াতের দাবি, হ্যাকাররা সাময়িকভাবে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে ওই পোস্টটি করেছিল। তবে দলের সাইবার টিম দ্রুত সময়ের মধ্যে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয়।
দলটির পক্ষ থেকে এই ঘটনাকে ‘নির্বাচনী স্যাবোটাজ’ হিসেবে অভিহিত করা হয়েছে এবং এ বিষয়ে নির্বাচন কমিশনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
জামায়াত এই সাইবার হামলার ঘটনায় ইতিমধ্যে সাধারণ ডায়েরি (জিডি) করেছে। সংবাদ সম্মেলনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, নারীর প্রতি জামায়াতের অবস্থান অত্যন্ত স্পষ্ট এবং সাইবার হামলা চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তারা আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।



