রাজনীতি

নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, দেশের মানুষ জেগে উঠেছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও-১ আসনের সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়ায় এক পথসভায় অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন। আজ রোববার (১ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত এই সভায় তার বক্তব্যে উঠে আসে নির্বাচন সুরক্ষা ও সাংবাদিকদের ভূমিকার কথা।

তিনি বলেন, সাংবাদিকরা সত্যের পক্ষে থেকে দেশ ও জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছেন।

একটি মহল নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করলেও এবার তা সম্ভব হবে না বলে মির্জা ফখরুল দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তার মতে, সাধারণ মানুষ এখন অধিকার আদায়ে সচেতন ও ঐক্যবদ্ধ।

নেতাকর্মী ও সাধারণ মানুষকে ভোটকেন্দ্র পাহারায় থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, জাতি-ধর্ম নির্বিশেষে সবাই যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে হবে। কোনো প্রকার বিশৃঙ্খলা বা ‘দুষ্টামি’ সহ্য করা হবে না।

আগামী ১২ তারিখে ধানের শীষের ব্যানার নিয়ে সবাইকে মাঠে নামার এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগের প্রস্তুতি নিতে বলেন তিনি।

পথসভা চলাকালে রাজনীতির ঊর্ধ্বে এক মানবিক ও আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। ঠাকুরগাঁওয়ের শহীদ মামুনের বোন তার মাটির ব্যাংকে জমানো টাকা এবং নিজের পালিত মুরগির ডিম মির্জা ফখরুলের হাতে তুলে দেন। সাধারণ মানুষের এই অকৃত্রিম ভালোবাসা ও ত্যাগ দেখে বিএনপি মহাসচিব আবেগাপ্লুত হয়ে পড়েন।

সংশ্লিষ্ট খবর

Back to top button