আসন্ন সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে: তৌহিদ হোসেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীতে ডিক্যাব আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি জানান, ১৯৯১ সালের নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়েছিল, তবে এবারের নির্বাচনে সেই রেকর্ড ছাড়িয়ে যাবে বলে তিনি বিশ্বাস করেন।
নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, একটি বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানই সরকারের প্রধান লক্ষ্য। কিছু বিচ্ছিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটলেও সেগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটি নিশ্চিত করা হচ্ছে এবং সহিংসতা প্রতিরোধে সরকারের গৃহীত পদক্ষেপগুলো বিদেশি কূটনীতিকদেরও অবহিত করা হয়েছে।
বহুল আলোচিত ‘হ্যাঁ ভোট’ প্রসঙ্গে তৌহিদ হোসেন উল্লেখ করেন, শুরুতে এটি নিয়ে দ্বিধা থাকলেও বর্তমানে বড় রাজনৈতিক দলগুলো ইতিবাচক অবস্থানে রয়েছে। জামায়াত ও এনসিপির পাশাপাশি বিএনপির চেয়ারম্যানও এখন এর পক্ষে মত দিয়েছেন। যেহেতু সমর্থকরা সাধারণত দলীয় সিদ্ধান্ত অনুসরণ করেন, তাই এই প্রস্তাবটি সহজেই পাস হবে বলে তিনি মনে করেন।
এ ছাড়া অন্যান্য প্রসঙ্গে তিনি জানান, নির্বাচনের পর প্রধান উপদেষ্টার সম্ভাব্য জাপান সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। অন্যদিকে, কয়েকজন উপদেষ্টা ব্যক্তিগত প্রয়োজনে কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্ট নিলেও তিনি নিজে এখনো তা করেননি বলে জানান।
অনুষ্ঠানে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলারসহ ডিক্যাবের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



