বাংলাদেশ

আমি মায়েদের কীভাবে সম্মান করি, ৯ কোটি মা তার সাক্ষী: জামায়াতের আমির

শেরপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার ব্যক্তিগত ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়া এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। শফিকুর রহমান বলেছেন, ‘আমি আমার মায়েদের কীভাবে সম্মান করি, আমার মায়েরা তার সাক্ষী, বাংলাদেশের ৯ কোটি মা তার সাক্ষী।

তিনি জানান, তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি হ্যাক করে মায়েদের নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ ও অরুচিকর একটি পোস্ট দেওয়া হয়েছিল। প্রায় ১৫ ঘণ্টা পর অ্যাকাউন্টটি উদ্ধার করা সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আদর্শিক লড়াইয়ে ব্যর্থ হয়ে একটি পক্ষ এমন নিচুমানের পথ বেছে নিয়েছে। ওই পোস্টকে কেন্দ্র করে যারা তাৎক্ষণিক মিছিল বের করেছে, তাদের সমালোচনা করে তিনি বলেন, যারা মায়েদের প্রকৃত সম্মান দিতে জানে না, তারাই এই অপপ্রচারে মেতেছে।

হ্যাকারদের এমন কর্মকাণ্ডে কোনো মা মনে কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করেন, তবে গণমাধ্যমকে সতর্ক করে দিয়ে বলেন যে এই দুঃখ প্রকাশ যেন তার নিজের করা কোনো মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা হিসেবে প্রচার করা না হয়।

শেরপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির অভিযোগ করেন, প্রশাসনের ডাকা সভায় খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই দলীয় নেতা রেজাউল করিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের তিন দিন পার হলেও কোনো আসামী গ্রেপ্তার না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। নাম উল্লেখ না করে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, যারা নিজেদের দলের শত শত কর্মীকেও রেহাই দেয় না, তাদের কাছে সাধারণ মানুষের জীবন বা সম্মানের কোনো মূল্য নেই। তবে অন্যায়কারীদের সময়মতো এর প্রতিফল ভোগ করতে হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

বিগত সরকারের আমলের নির্যাতনের চিত্র তুলে ধরে শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে এবং দলের নিবন্ধন ও প্রতীক কেড়ে নিয়ে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আল্লাহর ইচ্ছায় নিষিদ্ধ হওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় সেই পরিস্থিতির অবসান ঘটেছে এবং দল আবার স্বাভাবিক ধারায় ফিরে এসেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button