রাজনীতি

চার ধর্মের মানুষকে নিয়ে আমরা সুন্দর ফুলের বাগান সাজাতে চাই: জামায়াতের আমির

ডা. শফিকুর রহমান তার বক্তব্যে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষের। ভিন্ন ভিন্ন জাতের ফুল দিয়ে যেমন বাগান সাজানো হয়, তেমনি সব ধর্মের মানুষের সমন্বয়ে একটি সুন্দর দেশ গঠন করতে চায় জামায়াত। তিনি স্পষ্ট করে বলেন, কারও ওপর জোর করে ধর্ম চাপিয়ে দেওয়ার অধিকার কারো নেই এবং যোগ্য ব্যক্তিরাই যোগ্য স্থানে কাজের সুযোগ পাবেন।

নির্বাচনে যেকোনো ধরনের সন্ত্রাসবাদ মোকাবিলায় তিনি কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি নির্দেশ দেন, সন্ত্রাসের শিকার হলে আইনানুগভাবে প্রশাসনকে অবহিত করতে হবে।

প্রশাসন ব্যবস্থা নিতে ব্যর্থ হলে আত্মরক্ষার্থে সমপরিমাণ জবাব দেওয়া এবং সন্ত্রাস প্রতিহত করাকে তিনি ‘ওয়াজিব’ বা বাধ্যতামূলক বলে উল্লেখ করেন। আগামী ১২ তারিখের নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বেকার ভাতা নয়, বরং যুবসমাজের জন্য কর্মসংস্থান ও মর্যাদার ওপর জোর দেন জামায়াত আমীর। তিনি বলেন, যুবকরা ভাতা চায় না, তারা মেধা ও যোগ্যতা অনুযায়ী কাজ চায়। এছাড়া নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে ঘর, রাস্তাঘাট এবং কর্মস্থল—এই তিন জায়গায় বিশেষ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। মামলা হলেও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে উদ্বেগ জানান এবং প্রকৃত উন্নয়ন (ভিজিবল ডেভেলপমেন্ট) দেখার দাবি করেন।

সমাবেশে ১১ দলীয় জোটের নেতৃবৃন্দসহ ডাকসুর সাবেক জিএস এস এম ফরহাদ এবং স্থানীয় প্রার্থীরা উপস্থিত ছিলেন। শেরপুরের তিনটি আসনের প্রার্থীদের হাতে তিনি আনুষ্ঠানিকভাবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক তুলে দেন।

সভায় সাধারণ মানুষের পাশাপাশি নারী ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button