বাংলাদেশ

ধর্মের ভিত্তিতে বিভাজন করতে চায় স্বাধীনতাবিরোধীরা: সালাহউদ্দিন

কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারাই মূলত ধর্মের দোহাই দিয়ে রাজনীতিতে বিভাজন তৈরি করতে চায়।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা মানিক পাড়া এলাকায় আয়োজিত এক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ গুরুত্বারোপ করে বলেন, এ দেশের সাধারণ মানুষ কোনো ধরনের সাম্প্রদায়িক বিভাজন চায় না। বরং স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে বর্তমান সময়ে জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি। তিনি দাবি করেন, দেশে যখনই গণতন্ত্র বিলুপ্ত হয়েছে, তখনই বিএনপির নেতৃত্বে তা পুনরুদ্ধার করা হয়েছে। ছাত্র-জনতার সাম্প্রতিক গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন সমাজ ও গণতান্ত্রিক বাংলাদেশ। শহীদের সেই আকাঙ্ক্ষা পূরণ এবং একটি ইনসাফ কায়েমের রাষ্ট্র গড়তেই তিনি ধানের শীষ প্রতীকে সবার সমর্থন ও ভোট প্রত্যাশা করেন।

অর্থনৈতিক উন্নয়ন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, লক্ষ্যহীন শিক্ষার মাধ্যমে শিক্ষিত বেকার তৈরি করা তাদের উদ্দেশ্য নয়; বরং প্রতিটি নাগরিককে কর্মক্ষম করে গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কর্মের হাতিয়ার হিসেবে রূপান্তরের মাধ্যমে দেশের অর্থনৈতিক বিশৃঙ্খলা দূর করার প্রতিশ্রুতি দেন তিনি।

মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপি আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপু এবং সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ দলের স্থানীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। বক্তারা দেশের হারানো গণতন্ত্র ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button