রোহিঙ্গা শরণার্থীদের ১০ লাখ মার্কিন ডলার অনুদান দিলো নরওয়ে

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায় এগিয়ে এসেছে নরওয়ে সরকার। সম্প্রতি দেশটি ১০ লাখ মার্কিন ডলারের একটি অনুদান ঘোষণা করেছে, যাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।
রোববার (১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটি এই কৃতজ্ঞতা প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৫-২৬ অর্থবছরের জন্য ইউএনএইচসিআর-এর বৈশ্বিক বাজেটের অংশ হিসেবে এই অর্থ প্রদান করা হয়েছে। বর্তমানে বিশ্বজুড়ে মানবিক সহায়তার তহবিল সংকুচিত হয়ে আসায় রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রয়োজনীয় সেবা বজায় রাখা কঠিন হয়ে পড়ছিল। এমন সংকটময় মুহূর্তে নরওয়ের এই অর্থায়ন শরণার্থীদের জীবন রক্ষাকারী কার্যক্রম সচল রাখতে এবং ক্রমবর্ধমান সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশে ইউএনএইচসিআর-এর প্রতিনিধি ইভো ফ্রেইজেন এই সহায়তার গুরুত্ব তুলে ধরে বলেন, রোহিঙ্গা সংকটের নবম বছরে এসে শরণার্থীদের জীবন ও আশা টিকিয়ে রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো সমর্থন এখন আগের চেয়ে অনেক বেশি প্রয়োজন। তিনি আরও জানান, এই অনুদান মূলত রোহিঙ্গাদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও জীবিকা নির্বাহের সুযোগ তৈরিতে ব্যয় করা হবে। এর ফলে শরণার্থীরা যেমন মানসিকভাবে শক্তি পাবে, তেমনি ভবিষ্যতে নিজ দেশ মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের আগ পর্যন্ত তাদের আত্মবিশ্বাস ও মনোবল অটুট থাকবে।



