রাজনীতি

মা–বোনদের অপমান করা হচ্ছে, আমি তার প্রতিবাদ করি: শফিকুর

সোমবার কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন নির্বাচনী জনসভায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাম্প্রতিক অপপ্রচার এবং নারীদের বুলিংয়ের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন।

কক্সবাজারের বীর মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, যারা মা-বোনদের অপমান করছে এবং আড়ালে থেকে ষড়যন্ত্র করছে, তারা সাহস করে সামনে আসার যোগ্যতা রাখে না। তিনি স্পষ্ট করে বলেন, ‘পেছনের লোকেরা পেছনেই পড়ে থাকবে, সিংহপুরুষের মতো সামনে আসার সাহস তাদের নেই।’

এনসিপি নেত্রী মাহমুদা মিতুর প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন, ‘জুলাইয়ের যোদ্ধাদের আজ অপমান করা হচ্ছে। অথচ তাদের আত্মত্যাগের কারণেই অনেকে আজ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন। ১৩ তারিখের পর থেকে নারীদের পূর্ণ মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

কর্মসংস্থান প্রসঙ্গে যুবকদের উদ্দেশে তিনি বলেন, জুলাইয়ের যোদ্ধারা ভাতার জন্য নয়, কাজের দাবিতে রাস্তায় নেমেছিলেন। জামায়াত ক্ষমতায় এলে যুবকদের হাতে বেকার ভাতা নয়, বরং কাজ তুলে দেওয়া হবে, যাতে তারা গর্ব করে বলতে পারে—‘আমিই বাংলাদেশ’।

এদিন তিনি কক্সবাজার ছাড়াও চট্টগ্রামের লোহাগাড়া, মহেশখালী, সীতাকুণ্ড এবং বন্দর এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। সমাবেশে এলডিপি সভাপতি অলি আহমদসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button