ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত রুখে দিন: তারেক রহমান

৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সমালোচনা করে তারেক রহমান বলেন, ‘একটি দল মা-বোনদের তুচ্ছতাচ্ছিল্য করছে এবং তাদের ঘরের মধ্যে বন্দি করে রাখতে চাচ্ছেন। কিন্তু দেশকে গড়তে হলে নারী-পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।’
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন নির্বাচনকে বিতর্কিত ও বাধাগ্রস্ত করতে একটি দল উঠেপড়ে লেগেছে। এসময় কর্মী-সমর্থকদের এসব চক্রান্ত প্রতিহত করার আহ্বান জানান তিনি।
সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে যশোর উপশহর কলেজ মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিগত সরকারের ‘ডামি’ ও ‘রাতের ভোটের’ সমালোচনা করে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘বিগত সরকারের সময়ে ডামি ও রাতের ভোট করে যেভাবে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল, ঠিক সেভাবেই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে উঠেপড়ে লেগেছে একটি দল। ভোট গণনার নামে যদি কেউ কোনো সুযোগ নিতে চায়, তবে তাদেরকে প্রতিহত করতে হবে।’



