বাংলাদেশ

ছাগলকাণ্ডে মতিউরের আরও দেড় কোটি টাকার সম্পদ জব্দের নির্দেশ

দুর্নীতির অভিযোগে বিদ্ধ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিপদ যেন কাটছেই না। এবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে তার নামে থাকা প্রায় দেড় কোটি টাকা মূল্যের সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট আদালত সূত্রে এ তথ্য জানা যায়। আদালতটির বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের শুনানি শেষে আদালত এই সিদ্ধান্ত নেন। এর আগে দুদকের উপপরিচালক আনোয়ার হোসেন আদালতে সম্পত্তি জব্দের আবেদন করেন।

আদালতের আদেশ অনুযায়ী, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মসুরি গ্রামের মৌজায় অবস্থিত আনন্দ হাউজিং সোসাইটির একটি আবাসিক প্রকল্পে মতিউর রহমানের নামে থাকা মোট চারটি প্লট জব্দ করা হয়েছে। এসব প্লটের মোট আয়তন ২৪ কাঠা এবং আদালত সূত্রে জানা গেছে, এর বাজারমূল্য ধরা হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৫৬ হাজার ৯৬৯ টাকা।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, মতিউর রহমানের বিরুদ্ধে চলমান দুর্নীতির অভিযোগ তদন্তকালে এসব সম্পদের অস্তিত্ব পাওয়া যায়।

মতিউর রহমান ও তার পরিবার এই সম্পত্তিগুলো গোপনে অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছিলেন। তদন্ত চলাকালীন এসব সম্পদ যাতে বেহাত না হয়, সেজন্য আদালতের পক্ষ থেকে তাৎক্ষণিক ‘ফ্রিজ’ করার প্রয়োজনীয়তা দেখা দেয়।

এটিই মতিউরের বিরুদ্ধে প্রথম কোনো ব্যবস্থা নয়। এর আগেও কয়েক দফায় তার ও তার পরিবারের নামে থাকা ৮টি ফ্ল্যাট এবং প্রায় ৩৩ একর জমি জব্দের নির্দেশ দিয়েছিলেন আদালত। এছাড়া অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে তার দুই স্ত্রী ও ছেলের বিরুদ্ধে পৃথক মামলাও চালিয়ে যাচ্ছে দুদক।

সংশ্লিষ্ট খবর

Back to top button