জাপানে ভারি তুষারপাতে ৩০ জনের মর্মান্তিক মৃ/ত্যু

তুষারস্তূপে ঢাকা পড়েছে জাপান: প্রাণহানি বেড়ে ৩০, মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী জাপানের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বইছে তীব্র তুষারঝড়। প্রকৃতি যেন শুভ্র চাদরে ঢাকা পড়েছে, তবে এই সৌন্দর্যই এখন জাপানিদের জন্য মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক সপ্তাহের টানা তুষারপাতে দেশটিতে এখন পর্যন্ত অন্তত ৩০ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।
সবচেয়ে শোচনীয় অবস্থা উত্তর জাপানের আওমোরি প্রিফেকচারে। সেখানে কোথাও কোথাও তুষার জমে ৪.৫ মিটার (প্রায় ১৫ ফুট) উঁচু পাহাড়ে পরিণত হয়েছে। মঙ্গলবার উদ্ধারকারীরা ৯১ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছেন, যিনি নিজের বাড়ির বাইরে তিন মিটার তুষারের নিচে চাপা পড়েছিলেন। ধারণা করা হচ্ছে, ছাদ থেকে বিশাল তুষারখণ্ড গায়ের ওপর পড়ায় শ্বাসরুদ্ধ হয়ে তিনি মারা যান।
পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি একটি বিশেষ মন্ত্রিসভা বৈঠক করেছেন। তিনি মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন যাতে আর কোনো দুর্ঘটনা বা প্রাণহানি না ঘটে সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে।
আওমোরির গভর্নর সোইচিরো মিয়াশিতার অনুরোধে দুর্যোগ কবলিত এলাকায় সেনাবাহিনী পাঠানো হয়েছে। এবং একা বসবাসরত বয়স্ক মানুষ, যারা নিজে থেকে বরফ সরাতে পারছেন না, তাদের উদ্ধারে কাজ করছে সেনারা।
তাপমাত্রা বাড়লে বরফ গলে ছাদ থেকে ধসে পড়ার ঝুঁকি বাড়ে, তাই বাসিন্দাদের বাড়ির আশপাশে চলাচলে বাড়তি সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।
জাপান সাগর উপকূলবর্তী এলাকাগুলোতে চলতি মৌসুমে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ তুষারপাত হয়েছে। আওমোরি শহরের রাস্তায় ১.৮ মিটার উঁচু তুষারের দেয়াল তৈরি হওয়ায় যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। তুষার সরানোর কাজ করতে গিয়েও অনেকে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন।
সূত্র: এএফপি, জাপান নিউজ।



