বাংলাদেশ

খিচুড়ি ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থীকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের জন্য খিচুড়ি ভোজের আয়োজন করায় জয়পুরহাট-২ আসনের বিএনপি প্রার্থী মো. আব্দুল বারীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র সিভিল জজ মো. ফয়সাল আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়।

ঘটনার বিবরণে জানা যায়, ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নে বিএনপির এক সাংগঠনিক সম্পাদকের বাড়িতে বড় পরিসরে খিচুড়ি রান্নার আয়োজন করা হচ্ছিল। খবর পেয়ে নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্যরা সেখানে অভিযানে গেলে রান্নার দায়িত্বে থাকা ব্যক্তিরা পালিয়ে যান।

সেখান থেকে তিনটি বড় পাতিলের রান্না করা খিচুড়ি এবং চাল, ডাল, তেলসহ বিপুল পরিমাণ রান্নার সরঞ্জাম জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব খাদ্যসামগ্রী স্থানীয় বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করে দেয় কমিটি।

তদন্ত কমিটির মতে, নির্বাচনের সময় এভাবে খাবারের আয়োজন করা ভোটারদের প্রভাবিত করার শামিল, যা গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ৭৩(ক) অনুচ্ছেদ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আগামী ৮ ফেব্রুয়ারি দুপুর ১২টায় প্রার্থীকে সশরীরে আদালতে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। যথাসময়ে হাজির না হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

এদিকে শোকজ নোটিশ পাওয়ার কথা স্বীকার করে বিএনপি প্রার্থী মো. আব্দুল বারী জানান, এই পথসভা বা খিচুড়ি আয়োজনের ব্যাপারে তিনি কিছুই জানতেন না। তাঁকে রাজনৈতিকভাবে বিতর্কিত করার উদ্দেশ্যেই কেউ এমন কাজ করে থাকতে পারে বলে তিনি দাবি করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button