রাজনীতি

প্রয়োজনে দেশের মানুষ ভোটের জন্য জীবন দেবে: আসিফ মাহমুদ

নাটোর-৩ (সিংড়া) আসনে ১১-দলীয় জোটের প্রার্থী এস এম জার্জিস কাদিরের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আজ মঙ্গলবার সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এক পদযাত্রায় তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ‘পাতানো নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা তিনবার ক্ষমতায় এসেছিলেন। বাংলাদেশের মানুষ জীবন দিয়ে তাঁকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। প্রশাসনকে ব্যবহার করে আবারও যদি কেউ পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান, আপনারা মনে করবেন না, শেখ হাসিনার মতো আপনারা পার পেয়ে যাবেন। প্রয়োজনে দেশের মানুষ ভোটের জন্য জীবন দেবে।’

প্রশাসন ও নির্বাচন কমিশনের সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন, পঞ্চগড়ের একজন প্রিসাইডিং অফিসার ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছেন। আমরা মনে করি, এটি গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন তার পূর্বের রূপ দেখাচ্ছে। আমরা ইনসাফ ও সুশাসনের বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি। সে লক্ষ্যকে সফল করা আমাদের সবার দায়িত্ব। আশা করি, আপনারা সবাই সে দায়িত্ব পালন করবেন।’

এনসিপির এই নেতা বলেন, ‘আমরা দেখছি, নির্বাচন কমিশনে যখন ১১–দলীয় জোটের পক্ষ থেকে কোনো অভিযোগ যায়, সেই অভিযোগের কোনো ব্যবস্থা নেওয়া হয় না। অথচ বিএনপির প্রার্থীকে শোকজ করার কারণে আমরা দেখছি, ওই দিন যেতে না যেতেই সেই অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।’

পদযাত্রায় উপস্থিত ছিলেন নাটোর-৩ আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী এস এম জার্জিস কাদির, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, এনসিপির জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক তাহাশ নূরসহ ১১–দলীয় জোটের নেতা–কর্মীরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button