লক্ষ্মীপুরে ভোটের সিলসহ ব্যবসায়ী আটক

লক্ষ্মীপুরে অবৈধভাবে সরকারি নির্বাচনের সিল তৈরির অভিযোগে সোহেল রানা নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পুরাতন আদালত রোডের ‘মারইয়াম প্রেস’ নামক একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোহেল সদর উপজেলার টুমচর গ্রামের খোরশেদ আলমের ছেলে এবং ওই প্রেসের স্বত্বাধিকারী।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে সদর থানা পুলিশ মারইয়াম প্রেসে ঝটিকা অভিযান চালায়। এ সময় সেখান থেকে নির্বাচনের কাজে ব্যবহৃত ৬টি সিল উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ। পরবর্তীতে উদ্ধারকৃত সিলসহ ওই দোকানের একটি কম্পিউটার ও মোবাইল ফোন জব্দ করা হয় এবং সোহেলকে থানায় নিয়ে যাওয়া হয়।
জিজ্ঞাসাবাদে আটক সোহেল রানা সিলগুলো তৈরির কথা স্বীকার করে জানান যে, নির্দিষ্ট অর্ডারের ভিত্তিতেই তিনি এগুলো বানিয়েছেন। তবে রহস্যজনকভাবে তিনি সিলগুলোর মূল হোতাদের নাম প্রকাশ করেননি।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ বলেন, ব্যক্তিগত প্রেসে নির্বাচনের সিল তৈরি করা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। এটি সরাসরি অবৈধ কাজের পর্যায়ভুক্ত। তাই আটক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।



