বাংলাদেশ

সরাইলের ইউএনওর বিরুদ্ধে অভিযোগ রুমিন ফারহানার

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রুমিন ফারহানা সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত আবেদন করেছেন। বুধবার বিকেলে তিনি এই অভিযোগ জমা দেন।

লিখিত অভিযোগে রুমিন ফারহানা উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তার নির্বাচনী এলাকায় একাধিক গুরুতর অনিয়ম লক্ষ্য করা যাচ্ছে। এসব বিষয়ে ইউএনওর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি অসৌজন্যমূলক ও অসহযোগিতাপূর্ণ আচরণ করেন বলে অভিযোগ করেন তিনি। এর আগেও বিএনপি জোটের প্রার্থীর বিভিন্ন অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের বিষয় জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

রুমিন ফারহানা গণমাধ্যমকে বলেন, “ইউএনও আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। তার কথাবার্তায় মনে হয়েছে, তিনি একটি নির্দিষ্ট দলের প্রার্থীর পক্ষে কাজ করছেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন সিনিয়র আইনজীবী এবং একজন স্বতন্ত্র নারী প্রার্থী হিসেবে আমার সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। প্রতিকার চেয়ে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি।”

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকার গণমাধ্যমকে বলেন, “বুধবার দুপুরে তার সঙ্গে আমার মুঠোফোনে কথা হয়েছে। আমার পক্ষ থেকে কোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ করা হয়নি।”

সংশ্লিষ্ট খবর

Back to top button