পাকিস্তানের অংশ হবে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর: শাহবাজ

পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বৃহস্পতিবার মুজাফ্ফরবাদে পাক অধিকৃত কাশ্মীরের সংসদে ঘোষণা করেছেন, কাশ্মীর শীঘ্রই পাকিস্তানের অংশ হবে। তিনি বলেন, কাশ্মীরের প্রতি পাকিস্তানের অঙ্গীকার দেশের প্রতিষ্ঠার মূল নীতির সঙ্গে গভীরভাবে যুক্ত।
শাহবাজ আরও বলেন, “কাশ্মীরের জনগণের ইচ্ছাকে সম্মান করা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। আমরা কাশ্মীরে শান্তি চাই, যা কেবল সমতা ও ন্যায়বিচারের ভিত্তিতে প্রতিষ্ঠিত হতে পারে।”
পাকিস্তান ভারতের আপত্তি অগ্রাহ্য করে কাশ্মীর সংহতি দিবস উদযাপন করেছে। তবে আন্তর্জাতিক পর্যায়ে এর তীব্র সমালোচনা ও প্রতিবাদে পড়েছে পাক সরকার। প্রবাসী কাশ্মীরিরা এবং পাকিস্তানের কিছু নাগরিক বিক্ষোভ দেখিয়েছেন, স্লোগান দিয়েছেন ‘সন্ত্রাসবাদ বন্ধ করুন’।
উল্লেখ্য, ১৯৯১ সালে নওয়াজ শরিফ এই দিনটি চালু করেন। প্রতি বছর ৫ ফেব্রুয়ারি পাকিস্তানের সরকারি প্রতিষ্ঠানে ছুটি থাকে, এবং প্রায়শই এটি ভারত-বিরোধী রাজনৈতিক প্রচারের কাজে ব্যবহার করা হয়।



