আন্তর্জাতিক

পাকিস্তানে শিয়া মসজিদে আ/ত্মঘাতী বো/মা হা/মলা, নি/হত ৩১ জন

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১৭০ জন। পুলিশ ও সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার ইসলামাবাদের উপকণ্ঠে অবস্থিত ‘খাদিজাতুল কুবরা ইমামবারগাহ’-এ এ হামলা ঘটে। ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, মসজিদের ভেতরে ও আশপাশে রক্তমাখা মরদেহ পড়ে আছে, ছড়িয়ে রয়েছে ভাঙা কাচ ও ধ্বংসাবশেষ। আতঙ্কিত মুসল্লিদের চিৎকারে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।

ইসলামাবাদের ডেপুটি কমিশনার ইরফান মেমন জানান, বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে এবং হাসপাতালে ভর্তি আহতের সংখ্যা ১৬৯ জন। নাম প্রকাশ না করার শর্তে দুই পুলিশ কর্মকর্তা জানান, হামলাকারী মসজিদের ফটকে পৌঁছালে তাকে বাধা দেওয়া হয়। এর পরপরই সে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়।

কঠোর নিরাপত্তাবেষ্টিত রাজধানী ইসলামাবাদে এ ধরনের হামলা তুলনামূলকভাবে বিরল হলেও সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে চরমপন্থী সহিংসতা বেড়েছে। সংখ্যাগরিষ্ঠ সুন্নি অধ্যুষিত পাকিস্তানে শিয়া মুসলিমরা সংখ্যালঘু এবং অতীতেও তারা একাধিকবার সাম্প্রদায়িক হামলার শিকার হয়েছে। বিশেষ করে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এর আগে শিয়া সম্প্রদায়কে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এর আগে গত বছরের ১১ নভেম্বর ইসলামাবাদে আরেকটি আত্মঘাতী হামলায় ১২ জন নিহত ও ২৭ জন আহত হন। সে ঘটনায় একজন আফগান নাগরিক জড়িত ছিল বলে পাকিস্তান দাবি করলেও কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button