বাংলাদেশ

কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মা/রা গেছেন

সাবেক পানিসম্পদমন্ত্রী এবং ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২৯ মিনিটে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারা সূত্র জানায়, শনিবার সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রমেশ চন্দ্র সেনকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার অবস্থার অবনতি ঘটে।

দিনাজপুর জেলা কারাগার সূত্রে আরও জানা গেছে, গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠায়। পরদিন ১৭ আগস্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। তিনি হত্যা মামলাসহ মোট তিনটি মামলায় কারাবন্দি ছিলেন।

দিনাজপুর জেলা কারাগারের জেলার মো. ফরহাদ সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মাতা বালাশ্বরী সেন। তিনি রংপুরের কারমাইকেল কলেজে উচ্চশিক্ষা গ্রহণ করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button