রাজনীতি

দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সাদিক কায়েম

পুলিশ বাহিনীর ভেতরে থাকা আওয়ামী লীগপন্থিদের চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম। একই সঙ্গে তিনি শহীদ ওসমান হাদির হত্যার বিচার, গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিজয়ী করতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে বাগেরহাট শহরের খানজাহান আলী মাজার মোড় এলাকায় ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে আয়োজিত মিছিল-পরবর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে সাদিক কায়েম বলেন, শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে যারা হামলা চালিয়েছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে পুলিশ বাহিনীর ভেতরে থাকা আওয়ামী লীগের দোসরদেরও বিচারের মুখোমুখি করতে হবে। তিনি বলেন, পুলিশকে অবশ্যই লীগমুক্ত করতে হবে এবং শহীদ ওসমান হাদিসহ সব শহীদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর বহু এমপি আমরা নির্বাচন করেছি, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। বারবার জনগণকে প্রতারণা করা হয়েছে। এবার জনগণ নিজেদের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে প্রস্তুত।

বাগেরহাট-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সাদিক কায়েম বলেন, শেখ মঞ্জুরুল হক রাহাদ নির্বাচিত হলে তিনি শাসক নয়, বরং বাগেরহাটবাসীর একজন সেবক হিসেবে কাজ করবেন। জেলার সব সংকটে জনগণ তাকে পাশে পাবে।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট মানেই আজাদি। দেশকে শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ, ডাকসুর কার্যনির্বাহী সদস্য বিল্লাল হোসেন অপু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট শাখার আহ্বায়ক এসএম সাদ্দাম হোসেন, জামায়াতে ইসলামী বাগেরহাট শাখার সেক্রেটারি মো. ইউনূস শেখসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কয়েক হাজার নেতাকর্মী।

সংশ্লিষ্ট খবর

Back to top button