আন্তর্জাতিক

ইরানের সঙ্গে বাণিজ্য করলে ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপের হুমকি

ইরানের সঙ্গে যেসব দেশ বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখবে, তাদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে তিনি গতকাল শুক্রবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন।

ওই আদেশে শুল্কের নির্দিষ্ট হার উল্লেখ করা না হলেও উদাহরণ হিসেবে ২৫ শতাংশ শুল্কের কথা বলা হয়েছে। আদেশে বলা হয়, যেসব দেশ সরাসরি বা পরোক্ষভাবে ইরান থেকে কোনো পণ্য বা সেবা ক্রয় করে কিংবা অন্য কোনো উপায়ে তা অর্জন করে, সেসব দেশের পণ্য যুক্তরাষ্ট্রে আমদানি হলে অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।

এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি ট্রাম্প। তবে শুক্রবার রাতে এয়ারফোর্স ওয়ানে ফ্লোরিডার মার–আ–লাগোতে যাওয়ার পথে তিনি পুনরায় বলেন, ‘ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না।’

ওমানের মধ্যস্থতায় দেশটির রাজধানী মাসকটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা হওয়ার পরই ট্রাম্প এ শুল্ক আরোপের হুমকি দেন। আলোচনার পর উভয় পক্ষই আলোচনাকে ‘ইতিবাচক’ বলে অভিহিত করেছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বাড়তে থাকায় এবং সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হওয়ার প্রেক্ষাপটে ওমানে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

এ আলোচনায় অংশ নিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মাসকট সফর করেন। অপরদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার আলোচনায় উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button