সৌদি আরবে উটের জন্য চালু হচ্ছে পাসপোর্ট

সৌদি আরব সরকার তাদের দেশের লাখ লাখ উটের জন্য বিশেষ পাসপোর্ট ইস্যু করার পরিকল্পনা ঘোষণা করেছে। দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য উটের সঠিক ব্যবস্থাপনা, উৎপাদনশীলতা বৃদ্ধিসহ একটি নির্ভরযোগ্য তথ্যভান্ডার তৈরি করা।
পাসপোর্টে দেশীয় প্রতীক এবং উটের ছবি থাকবে। এটি উটের মালিকানা নিশ্চিত করবে, লেনদেন নিয়ন্ত্রণ করবে এবং মালিকদের অধিকার রক্ষা করবে। ২০২৪ সালের সরকারি হিসাব অনুযায়ী, সৌদি আরবে উটের সংখ্যা প্রায় ২২ লাখ।
সৌদি আরবে উট শুধু যাতায়াতের মাধ্যম নয়, এটি মালিকের সামাজিক মর্যাদা এবং লাভজনক শিল্পের প্রতীক। প্রতিবছর এখানে অনুষ্ঠিত হয় উট উৎসব ও সৌন্দর্য প্রতিযোগিতা, যেখানে মালিকরা লাখ লাখ ডলার খরচ করেন। তবে আয়োজকেরা উটের কৃত্রিম পরিবর্তন, ইনজেকশন বা অন্যান্য অবৈধ পদ্ধতি কঠোরভাবে নিষিদ্ধ করেছে।
উল্লেখযোগ্য, আরব উপদ্বীপে উট মানুষের জীবনের সঙ্গে যুগ যুগ ধরে অঙ্গাঙ্গীভাবে যুক্ত। সৌদি আরবের পাহাড়ের গায়ে খোদাই করা উট ও ঘোড়ার ভাস্কর্য প্রমাণ করে এটি প্রায় ৭ হাজার বছর ধরে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।



