ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান

বিএনপি ক্ষমতায় এলে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) নীলফামারীতে এক নির্বাচনি জনসভায় তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, আসন্ন ১২ তারিখের নির্বাচন শুধু ভোট দেওয়ার জন্য নয়, দেশ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশই আমাদের একমাত্র ঠিকানা—এ দেশকে গড়তেই হবে।
তারেক রহমান জানান, নীলফামারী অঞ্চলে বিদ্যমান ইপিজেড আরও সম্প্রসারণ করা হবে, যাতে স্থানীয় মানুষের কর্মসংস্থান বাড়ে। পাশাপাশি তরুণদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।
নারীদের স্বাবলম্বী করতে প্রত্যেক পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর কথা উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে মায়েরা সরাসরি সরকারের সহায়তা পাবেন। একইভাবে কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে, যাতে তারা সহজে কৃষি উপকরণ ও সহায়তা পেতে পারেন।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন মসজিদ-মাদ্রাসার ইমাম, খতিবসহ বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা কষ্টকর জীবনযাপন করছেন। বিএনপি সরকার গঠন করলে তাদের জন্য সম্মানী চালুর উদ্যোগ নেওয়া হবে।
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, এটি এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। বিএনপি সরকার গঠন করলে এটি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে, যাতে অঞ্চলটি সবুজ ও শস্যসমৃদ্ধ হয়ে ওঠে। এছাড়া নীলফামারীতে মেডিকেল কলেজ স্থাপন, কিশোরগঞ্জ-সৈয়দপুর শিল্পাঞ্চল উন্নয়ন এবং রেল কারখানাসহ অন্যান্য শিল্প সম্প্রসারণের কথাও বলেন তিনি।
সভায় তিনি অভিযোগ করেন, মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রাখতে ভয়ভীতি দেখানো হচ্ছে। এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।



