বাংলাদেশ

ইজিবাইকসহ যুবক নিখোঁজ, পথে পথে ঘুরছেন স্ত্রী

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) চালাতে বেরিয়ে নিখোঁজ হয়েছেন রফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক। স্বামীর খোঁজে দিশেহারা হয়ে পড়েছেন তাঁর স্ত্রী পাপিয়া খাতুন। বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানোর পাশাপাশি মাইকিং করেও স্বামীর সন্ধান চাওয়া হচ্ছে।

নিখোঁজ রফিকুল ইসলাম কামারখন্দ উপজেলার ভদ্রঘাট কাচারিপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত নূর হোসেন আলীর ছেলে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পাপিয়া খাতুন জানান, প্রতিদিনের মতো শুক্রবার দুপুরে ইজিবাইক নিয়ে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রফিকুল। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হলেও তিনি আর ফিরে আসেননি। রাত আনুমানিক ৮টার দিকে ফোন করলে তাঁর মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। এরপর একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি।

তিনি আরও জানান, আত্মীয়স্বজন ও পরিচিতজনদের বাড়িতেও খোঁজ নেওয়া হয়েছে, তবে কোথাও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বাধ্য হয়ে দেবরকে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় মাইকিং করে স্বামীর সন্ধান শুরু করেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ বলেন, ইজিবাইকচালক নিখোঁজের ঘটনায় থানায় জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button