মুন্সীগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সং/ঘর্ষ, গু/লিবিদ্ধ ২

মুন্সীগঞ্জ-৩ (সদর উপজেলা) আসনের নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ দুজনসহ অন্তত কয়েকজন আহত হয়েছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মুন্সিকান্দি গ্রামের লিজন সরকার ও মনির হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দুপুর আনুমানিক ১২টার দিকে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিকের সমর্থকরা মুন্সিকান্দি এলাকায় প্রচারণা চালাতে বের হন। এ সময় ধানের শীষ প্রতীকের সমর্থক এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওজির আলী ও ইউনিয়ন বিএনপির সাবেক নেতা আওলাদ মোল্লার অনুসারীরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে, যা এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
এদিকে সংঘর্ষের সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে দৌড়াদৌড়ি এবং ককটেল বিস্ফোরণের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। নির্বাচন ঘিরে সেই বিরোধ আবারও প্রকট হয়ে ওঠায় এই সহিংসতার ঘটনা ঘটে।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।



