‘ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে ১১-দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, “অনেকে ধানের শীষের মিছিল দেখাবে ভোটকেন্দ্রে। কিন্তু ভোট দেবে দাঁড়িপাল্লা বা শাপলা কলিতে। তাই আমাদের ভোটারদের কাছে বার্তা পৌঁছে দিতে হবে।”
শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে ১১-দলীয় জোট আয়োজিত নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা কোনো রাজনৈতিক দলের পুলিশ হবেন না। আপনাদের দায়িত্ব হলো দেশের গর্বিত পুলিশ হিসেবে দায়িত্ব পালন করা। আমরা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করব।”
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “এক দলের প্রধান মুখে হ্যাঁ ভোটের কথা বলছে, কিন্তু তাদের কর্মীরা অন্য দিক থেকে ভোটকেন্দ্র দখলের চেষ্টা করছে। তারা পর্যবেক্ষক যোগাড় করে ভোট কারচুপি করতে পারে। তাই ১১-দলীয় জোটের নেতা-কর্মীদের ভোটকেন্দ্রে পাহারা দেয়ার আহ্বান জানাচ্ছি।”
পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর-৩ (সদর) আসনের ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুল কাদের, এনসিপির দক্ষিণ অঞ্চলের সংগঠক শাকিব শাহরিয়ার, জামায়াতে ইসলামী ও এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।



