বাংলাদেশ

গণভোটের ‘হ্যাঁ’ ‘না’ নিয়ে যা বললেন বায়তুল মোকাররমের খতিব

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক বলেছেন, গণভোটে একাধিক বিষয়ে একসঙ্গে ‘হ্যাঁ’ বা ‘না’ বলতে বাধ্য করা ভোটারদের জন্য এক ধরনের পেরেশানি ও যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার খুতবায় তিনি ভোটকে একটি পবিত্র ‘আমানত’ হিসেবে উল্লেখ করে দেশবাসীকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান।

মুফতি আবদুল মালেক বলেন, গণভোটে পাঁচ থেকে আটটি বিষয়ে একসঙ্গে ভোট নেওয়া হচ্ছে, অথচ ভোটারদের প্রতিটি বিষয়ে আলাদা মত দেওয়ার সুযোগ নেই। এতে সাধারণ মানুষ জোরপূর্বক একটি অবস্থান নিতে বাধ্য হচ্ছে। একজন ভোটার কোনো বিষয়ের সঙ্গে একমত হলেও অন্য বিষয়ে দ্বিমত পোষণ করতে পারেন। আলাদা প্রশ্ন থাকলে তা সম্ভব হতো।

তিনি আরও বলেন, ভোট দেওয়ার ক্ষেত্রে ভয়, লোভ বা প্ররোচনায় ভুগে নয়, বরং আল্লাহর ওপর ভরসা রেখে সচেতনভাবে ভোট দেওয়া উচিত। বিজ্ঞ ও সৎ ব্যক্তিদের পরামর্শ নেওয়ার কথাও উল্লেখ করেন।

জাতীয় মসজিদের খতিব ভোটারদের সতর্ক করেন যে, দলীয় নাম, প্রতীক বা স্লোগানে প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। ইসলামের নাম ব্যবহার করলেই কোনো দল ইসলামসম্মত—এই ধারণা ভুল। ভোট দেওয়ার আগে দলগুলোর আদর্শ, ইশতেহার ও কর্মকাণ্ড যাচাই করা জরুরি।

মুফতি আবদুল মালেক শেষ করেন, ভোটাধিকার প্রয়োগে চরিত্র, তাকওয়া ও যোগ্যতাকেই মূল ভিত্তি হিসেবে বিবেচনা করতে হবে, চাপ বা প্রলোভনে নয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button