রাজনীতি

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তে হাসনাতের বক্তব্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, “ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ মানে সবাইকে ফোন ঘরে রেখে যেতে হবে। সাংবাদিক বা সিটিজেন জার্নালিজমও অনুমোদিত নয়। কোনো বিপদ ঘটলেও কল করে কাউকে জানানো যাবে না। এমন নিষেধাজ্ঞা আগে কখনো দেখিনি। এটি স্পষ্টত হঠকারী সিদ্ধান্ত।”

হাসনাত আরও বলেন, “সিসি ক্যামেরা থাকলেও তাৎক্ষণিক কোনো কাজে আসবে না। মোবাইলের মাধ্যমে ভোটকেন্দ্রে অনিয়ম, জালিয়াতির চিত্র তোলা সম্ভব। কেন্দ্র দখল বা ভোট চুরি ঠেকাতে ব্যক্তিগত ফোন কার্যকর। হয়তো এই কারণে নির্বাচন কমিশন ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ করেছে। এটি সুস্পষ্টভাবে ভোট চুরির সুযোগ তৈরি করছে।”

এর আগে, নির্বাচন কমিশন (ইসি) ৩ ফেব্রুয়ারি জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শহিদুল ইসলাম-এর মাধ্যমে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে প্রিসাইডিং অফিসার, দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং নির্বাচনী অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার ব্যতীত কেউ মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবে না।

সংশ্লিষ্ট খবর

Back to top button