‘বিদেশগামীদের জন্য দ্রুত ঋণের ব্যবস্থা করা হবে, জমি বিক্রি করতে হবে না’

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিদেশগামী তরুণদের যেন জমিজমা বিক্রি করতে না হয়, সেই জন্য সরকারিভাবে দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে। ঋণের মাধ্যমে তারা সহজে বিদেশে যাওয়া খরচ মেটাতে পারবেন এবং বিদেশে উপার্জিত অর্থ দিয়ে পরবর্তীতে ঋণ পরিশোধ করতে পারবেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি বলেন, দেশের তরুণদের দক্ষ করে গড়ে তুলতে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। এতে তারা দেশে এবং বিদেশে সম্মানজনক কাজ করে স্বাবলম্বী হতে পারবে এবং দেশের বেকারত্ব কমাতে সাহায্য করবে।
ধর্মগুরুদের সম্মান নিশ্চিত করাও বিএনপির অঙ্গীকার। তিনি জানান, মসজিদের ইমাম, মুয়াজ্জিব, খতিব ও অন্যান্য ধর্মগুরুদের জন্য সম্মানীর ব্যবস্থা করা হবে, যাতে তারা সমাজে মর্যাদার সঙ্গে বসবাস করতে পারেন।
তারেক রহমান বলেন, বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের উদ্যোগ নেবে। তিনি ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল নিষিদ্ধ এবং দেশের বিভিন্ন সমস্যা—যেমন ঢাকার যানজট, জলাবদ্ধতা ও বায়ু দূষণ—সমাধানে একযোগে কাজ করার আহ্বান জানান।
তিনি প্রয়াত খালেদা জিয়াকে স্মরণ করে বলেন, স্বৈরাচারের সময় দেশত্যাগের প্রস্তাব থাকা সত্ত্বেও তিনি দেশ ছেড়ে যাননি। একইভাবে বিএনপিও দেশের সঙ্গে অবিচল থাকবে। তার বক্তব্য, “বিএনপিই একমাত্র দল, যার কাছে দেশ গঠনের পরিকল্পনা রয়েছে, এবং জনগণ বারবার আমাদের সমর্থন দিয়েছে।”



